
ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানিয়েছেন।
জগদীপ ধনখড় জানিয়েছেন, তাঁর মেয়াদকালে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। ৭৪ বছর বয়সী ধনখড় আরও জানান, উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তবে বেশ কয়েক দিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁর চিকিৎসা হয়েছিল।
ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ায় গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন ধনখড়। রাতে ইস্তফার কথা জানালেন তিনি।
২০১৯ সালে ধনখড়কে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করে পাঠায় নরেন্দ্র মোদীর সরকার। পরে তাঁকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে কেন্দ্র। ২০২২ সাল থেকে সেই দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সোমবার সেই পদ ছাড়লেন। এখন তাঁর জায়গায় কাকে উপরাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে নানা মহলে।