
জ্যেষ্ঠ প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সম্পূরক শুল্কের চাপ সামাল দেওয়ার চেষ্টার মধ্যে দেশটি থেকে বছরে সাত লাখ টন গম আমদানির জন্য সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।
রোববার খাদ্য মন্ত্রণালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ সমঝোতা হয়েছে।
শুল্কের খড়্গে থেকে রক্ষা পেতে বাংলাদেশ চাইছে- যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছর প্রতিযোগিতামূলক মূল্যে যুক্তরাষ্ট্র থেকে বছরে সাত লাখ টন উচ্চমানের গম আমদানির বিষয়ে রোববার সমঝোতা হয়েছে। বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হোয়েট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সাওয়ার সমঝোতায় সই করেন।
সেখানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে। উভয় দেশের জনগণ উপকৃত হবেন।”