
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান বিভিন্ন সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন।কিছুদিন আগেই নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, আমার প্রাক্তন একটা জানো…য়া…র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস ওঠে গেছে।
অহনা’র ওই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীর সহকর্মী ও সাবেক প্রেমিক শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই শামীম জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।
ওই সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলবো না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার। এরপর দর্শকের উদ্দেশে এই অভিনেতা বলেছিলেন, সেই জানোয়ার প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার।
কিন্তু অহনা’র সেই প্রাক্তন কে, তা এবার সরাসরি জানালেন শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় নারী সহকর্মীর করা ধর্ষণের হুমকির অভিযোগসহ আরও কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনা’র সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, সকলে অহনা’র ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘প্রাক্তন একটা জানো…য়া…র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই প্রাক্তন জানো…য়া…রটার সাথে আমি নেই।
সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন, অহনা তো নামটা বলতে পারে নাই। ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ ছবির ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল অহনা’র। আমি মাঝে অহনা’র সাথে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সাথে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সাথে (অহনা) সম্পর্ক টেকে নাই।