সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর আমেরিকাতে ‘জংলি’ ছবির দারুণ সূচনা

 

ডেস্ক রিপোর্ট  : কানাডা ও আমেরিকার বক্স অফিসে প্রথম ৩ দিনের গ্রস ৩৫,০০০ ডলার আয় করে শুভ সূচনা করেছে ঈদের ফ্যামিলি ব্লকবাস্টার চলচ্চিত্র ‘জংলি’। পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব আজ বক্স অফিস ‘কমস্কোর’ এর বরাত দিয়ে উল্লিখিত তথ্য প্রকাশ করেছেন। তিনি এই প্রতিষ্ঠানের পরিবেশিত ‘প্রিয়তমা’ ছবিটির কথাও বলেছেন তুলনা করতে গিয়ে। তার ফেসবুক পোস্টে লিখেছেন –

প্রিয়তমা’র কালেকশনের কথা মনে আছেনা সবার ? ‘প্রিয়তমা’ উত্তর আমেরিকায় প্রথম ৩ দিনে ৪২টি হল থেকে গ্রস করেছিল ৪৪,০০০ ডলার। ‘জংলি’ সেখানে প্রথম ৩ দিনে ৩৩ হল থেকে করল ৩৫,০০০ ডলার। ‘জংলি’র আয় বলতে গিয়ে ‘প্রিয়তমা’র কথা মনে পড়লো, কারণ, ‘প্রিয়তমা’ সিনেমার যে মায়াটা দর্শককে টানছিল, ‘জংলি’র বেলায়ও দর্শকের সে একই রকম এক টান দেখা যাচ্ছে। এবারের টান জংলি, পাখির মায়ার টান। মানুষ আসলেই মুগ্ধ হচ্ছে; বাংলাদেশের মতো এখানেও একইরকমভাবে সবাই অশ্রুসজল চোখে হল থেকে বের হচ্ছে।

তিনি আরও লিখেছেন – ‘প্রিয়তমা’ অবশ্য শেষ পর্যন্ত ১৩২,০০০ ডলার এর বিশাল কালেকশন তুলতে পেরেছিল। ‘জংলি’ সে পর্যন্ত যেতে পারবে কিনা – সেটা সময় বলে দেবে। তবে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশের চলচ্চিত্রের প্রেস্টিজিয়াস ১০০,০০০ ডলার ক্লাবে ৬ষ্ঠ সদস্য হিসেবে ঢুকে পড়বে কিনা তা বুঝা যাবে এ সপ্তাহ শেষে। প্রথম সপ্তাহের আয়ই মূলত একটা ধারণা দেবে – কতদূর যাবে ‘জংলি’।

তিনি জানান, শীর্ষস্থান নিয়ে যথারীতি টরন্টো ও নিউ ইয়র্কের মধ্যে কঠিন লড়াই হচ্ছে। প্রথম ৩ দিনের আয়ে আপাতত টরন্টো এগিয়ে আছে। ‘জংলি’ আসলে একটা চমৎকার অভিজ্ঞতা, হলে, বক্স অফিসে। ‘জংলি’র এ দারুণ যাত্রা চলতে থাকুক।

উল্লেখ্য কানাডা, অ্যামেরিকা ও ইউকে’র ৪০টি থিয়েটারে ২৫ এপ্রিল ২০২৫ থেকে মুক্তি পেয়েছে এই ঈদে পরিবারের সব চাইতে পছন্দের চলচ্চিত্র ‘জংলি’। স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় ঈদের ছবিগুলোর মাঝে দেশের বাইরে সবচেয়ে বেশী থিয়েটারে একযোগে মুক্তি পায় ছবিটি। প্রথম সপ্তাহে কানাডার ৫টি, আমেরিকার ২৮টি
ও ইউকের ৭টি থিয়েটারে চলছে ‘জংলি’। ইংল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রো এর সাথে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।

বিশ্বখ্যাত চেইন
AMC (USA) এর Screen সংখ্যা : ১২
Regal (USA) এর Screen সংখ্যা : ১৪
Cineplex (Canada) এর Screen সংখ্যা : ৫
Cineworld (UK) এর Screen সংখ্যা : ৭
Showcase (USA) এর Screen সংখ্যা : ২

তিন দেশের মোট চল্লিশটি শহরে চল্লিশ থিয়েটারে ‘জংলি’ মুক্তি পায় বিশ্বখ্যাত চেইন থিয়েটারগুলোতে। প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলছে –

কানাডা :
টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর।

আমেরিকা :
নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি, ক্যানসাস সিটি।

ইংল্যান্ড :
লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন, ফেলথাম।

‘জংলি’ ছবিটিও নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সাথে রয়েছেন এই সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। প্রিন্স মাহমুদের সংগীত পরিচালনায় বেশ কটি গান জনপ্রিয়তা পেয়েছে। বাবা তোমায় ছাড়া, বন্ধুগো এই ঈদের ছবির গানের তালিকায় শীর্ষে। ছবিটি পরিচালনা করেছেন শান খ্যাত এম রাহিম। ‘জংলি’ প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *