
খুলনা প্রতিনিধি :
খুলনা জেলা কারাগারের হাজতি ও তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আকতার শিকদারের (৪৪) মৃত্যু হয়েছে। কারাগার থেকে রোববার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন। মারামারি ও বিস্ফোরক মামলায় গত ২৭ জানুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন।
খুলনা জেলা কারাগারের জেল সুপার মোঃ নাসির উদ্দিন জানান, আকতার শিকদার রোববার দুপুর ২টার দিকে হার্ট এ্যাটাকে আক্রান্ত হন। এরপর এ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় কারারক্ষীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।