
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সালিশবৈঠকে এক নারীকে (২৫) অমানসিক নির্যাতনের অভিযোগে দুই ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য হোসেন মিয়া।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খান জানান, কয়েকদিন আগে বিষ্ণুপুরের এক চৌকিদারের স্ত্রীকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়ার নির্দেশে বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন ওই নারীকে ব্যাপক মারধর করেন। চৌকিদারের স্ত্রীকে অমানসিক নির্যাতনের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা জানান, একটি বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সালিশবৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ওই নারীকে মারধর করা হয়েছে। তবে এ মারধর করা আমাদের ভুল ছিল।
এ বিষয়ে অভিযুক্ত বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়ার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে অস্বীকার করেন।