
স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফের অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার (৭ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে খালেদা জিয়াকে আজ ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা–সংবলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনপির চেয়ারপারসনের অসুস্থতার খবর পেয়ে সোমবার (৮ জুলাই) সকাল থেকেই নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেগম জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে দুপুর একটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
এর আগে গত ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। গত ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেদিন রাতে মেডিকেল বোর্ড বৈঠক করে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। ওইদিন বিকেলেই যন্ত্রটি সফলভাবে স্থাপন করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।