
উত্তরা প্রতিনিধি :
০৭ জুলাই রবিবার উত্তরার সেক্টর ১০ এর পরশমণি ল্যাবরেটরি স্কুলের ২য় ক্যাম্পাসে জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত রাখা এবং পুষ্টিমানসম্পন্ন নানা ধরনের ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গ্রীষ্ম কালীন ফল উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশের বিভিন্ন ধরনের মৌসুমি ও দেশিয় ফল নিয়ে “রঙিন ফলে বর্ণিল উৎসব-ফলে ফলে মধুমাস উদযাপন” স্লোগান নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আনারস, ডেউয়া, লটকন, পেয়ারা, সফেদা, ড্রাগন, জাম্বুরা সহ দেশিয় ফল ছিল এই গ্রীষ্ম কালীন ফল উৎসবে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ- মুহা. নূরউদ্দিন সোহাগ বলেন, ফলকে পরিচয় করিয়ে দিতে এবং ফলের গুণাগুণ জানাতেই এ ফল উৎসবের আয়োজন। উৎসবে শিক্ষার্থীদের প্রদর্শিত প্রায় অর্ধশতাধিক দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়। ফল প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ফলের গুণাগুণসংবলিত ফেস্টুন মেলা প্রাঙ্গণে প্রদর্শন করা হয়।
ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান- মুহা. হেলাল উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের উপাধ্যক্ষ- মুহা. জিয়াউল হক রাজুর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: প্রশাসনিক কর্মকর্তা- মুহা. জিয়াউদ্দিন পাভেল, ইনচার্জ- মুহা. নাসির উদ্দিন, সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ প্রমুখ।
এর আগে ফল উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের সিনিয়র উপাধ্যক্ষ- মুহা. মুজিবুর রহমান। উদ্বোধনের পর অতিথিরা উৎসবে অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন, শিক্ষার্থীদের কাছে ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে চান এবং পছন্দের ফল ক্রয় করেন।