বিকাল ৫:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বাস-ট্রাকে মুখোমুখি সংঘর্ষ নিহত ৫

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

শুক্রবার (৫ জুলাই) ভোর ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শশরা ইউনিয়নের চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আম বোঝাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল কোচের সহযোগী নিহত হয়। পরে আহত কয়েকজনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশুসহ ৩ জন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ২৭ জন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান ফরিদ হোসেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *