
গাইবান্ধা প্রতিনিধি-গাইবান্ধার বেসরকারি প্রতিষ্ঠান উদয়ন স্বাবলম্বী সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে ২৫ মে, শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে স্মৃতিচারণ, গুণী সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শাহাদত হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইছাহাক আলী, সাঘাটার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. শামসীল আরেফিন টিটু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, আইনজীবি, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
এছাড়া গুণী শিক্ষক হিসেবে মো. আব্দুল খালেক, রত্নগর্ভায় রোকেয়া বেগম, আদর্শ কৃষক হিসেবে শ্রী ননী গোপাল বর্মন (ধরনী), উদীয়মান কবি সাহিত্যিক হিসেবে ফারহানা রহমান মিষ্টিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, চর এখন সম্পদশালী জনপদ। দেশের অর্থনৈতিক উন্নয়নে চরাঞ্চলে ভুট্টা, মরিচসহ কৃষি ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মাদক দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে চরাঞ্চলের সম্পদকে কাজে লাগিয়ে সেখানকার জনগণের ভাগ্য উন্নয়নে শিল্প কারখানার উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান।