জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬১তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৬৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম শুরু করল দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।
জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার প্রমুখ।
এ মৌসুমে ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে। ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের মতো এবারও মিল গেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৫৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে।
এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com