সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপজেলা ০১ শাখা এ পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
বুধবার (১৫ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
দলের সাংগঠনিক কার্যক্রমে বেশি সময় দিতে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান এস এম আল মামুন।
তিনি তার নিজ উপজেলা চট্টগ্রাম-৪ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। উপজেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদে থাকার কারণে গতবার দলীয় মনোনয়ন পাননি।
গত ৩০ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এসএম আল মামুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি আর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারছেন না।
এস এম আল মামুন আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, আমি গতবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। তবে উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করায় আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই এবার বৃহত্তর কল্যাণে এবং বড় পরিসরে মানুষের সেবা করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলাম।
এস এম আল মামুনের বাবা এবিএম আবুল কাশেম মাস্টার মৃত্যুর আগে দুইবারের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন।
সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, মন্ত্রণালয় উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে যাকে দায়িত্ব দেওয়া হবে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com