
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। সম্প্রতি এক পডকাস্টে তিনি প্রয়াত চিত্রনায়ক মান্নার ভূয়সী প্রশংসা করেন। আলাপের এক পর্যায়ে দেশীয় চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খানের কথাও উঠে আসে।
সোহেল রানার মতে, জীবিত অবস্থায় চলচ্চিত্রে মান্নার একক আধিপত্য ছিল। এমনকি সেই সময়ে তার সঙ্গে পাল্লা দিয়ে ওপরে ওঠা যেকোনো নায়কের জন্যই কঠিন ছিল বলে মন্তব্য করেন তিনি। মান্নাকে নিয়ে সোহেল রানার ভাষ্য, ‘চলচ্চিত্র অঙ্গনে মান্নার নিজস্ব একটা ভাষা ছিল। টাঙ্গাইল তথা ময়মনসিংহ অঞ্চলের রেশ ছিল তার কথায়। এ ভাষা মান্নার কণ্ঠে মানিয়ে যেত। এটা দর্শক পছন্দ করতেন। যেটা অন্য কারো ছিল না। পুরো দেশেই সে তার ভাষাকে পপুলার করেছে। এমন ঘটনা ঢালিউডে খুবই কম।’
প্রয়াত চিত্রনায়কের অভিনয়ের প্রশংসা করে সোহেল রানা বলেন, ‘মান্নার অভিনয়টা ছিল সব সময়ই ভিন্ন। অভিনয়ের দক্ষতা তার মধ্যে যেমন ছিল, তেমনি যেকোনো চরিত্রে সহজে মানিয়ে যেতেন। দর্শকদের তিনি কবজায় রাখতে পারতেন।’ মান্নার সময় সিনেমায় সকল দর্শকই মান্নাকে পছন্দ করত উল্লেখ করে অভিনেতা আরও বলেন, ‘আমাদের সময় কিন্তু দেখা গেছে; দু-একজন আমাদের পক্ষে বলতেন, আবার কেউ আমাদের রাজ্জাকের বিপক্ষে বলতেন। কিন্তু মান্না যখন ছিলেন, তখন দর্শকেরা শুধু মান্নার কথা বলতেন। মান্নার বিপরীতে কেউ কথা বলতেন না।’