বরিশাল প্রতিনিধি :
বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালবাহী কার্গো জাহাজ।
রোববার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।
তিনি জানান, সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল প্রিমিয়াম-৫ নামের একটি মালবাহী কার্গো জাহাজ। বেলা ১১টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ি খাল সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে এটির পেছনের অংশের তলা ফেটে যায় এবং ভেতরে পানি উঠতে থাকে।
শফিউল কিঞ্জল বলেন, ওই সময় ঘটনাস্থলে কোস্টগার্ড দক্ষিণজোনের কালিগঞ্জ স্টেশনের একটি টহল টিম কাছাকাছি নদীতে টহল দিচ্ছিল। তারা বিষয়টি জানতে ও দেখতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং উদ্ধার অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করে। ফলে কেউ নিখোঁজ নেই।
তিনি বলেন, বর্তমানে জাহাজটি ওই স্থানের ডুবোচরে আটকে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। সেখানে আমাদের কোস্টগার্ডের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুল আল গালিব বলেন, প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে, ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে খুলনার মোংলাগামী জাহাজটির তলা ফেটে গেছে। আর জাহাজটির তলার পেছনের অংশ ফেটে যাওয়ায় ধীরে ধীরে এটির ভেতরে পানি প্রবেশ করতে থাকায় বর্তমানে সেই অংশ আগে নিমজ্জিত হয়। বর্তমানে জোয়ারের পানি ঢুকে জাহাজটির সামনের অংশ দেখা গেলেও পেছনের অংশ নদীর পানিতে তলিয়ে গেছে।
কী পরিমাণ সিমেন্টের কাঁচামাল ছিল তা নিশ্চিত হতে না পারলেও, জাহাজটির সকল স্টাফ নিরাপদে উদ্ধার হয়েছে জানিয়ে এসআই বলেন, জাহাজ কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন। তারা এসে পৌঁছালে জাহাজটি ও এর মালামাল উদ্ধারে পদক্ষেপ নেয়া হবে। বর্তমানে জাহাজ ও ওই স্থানের নিরাপত্তায় নৌ-পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com