
নিজস্ব প্রতিবেদক:
গাড়ি আমদানির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতার পরিবর্তে গাড়ির প্রকৃত অবস্থা, ফিটনেস, নিরাপত্তা ও পরিবেশগত মান বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির নেতারা মনে করেন, পাঁচ বছরের বেশি পুরোনো হলেই কোনো গাড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে যায় না। বরং অনেক ক্ষেত্রে সাত থেকে আট বছরের পুরোনো গাড়িও তুলনামূলক নতুন গাড়ির চেয়ে ভালো অবস্থায় থাকতে পারে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে বারভিডার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। এ সময় তারা রিকন্ডিশন্ড গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান পাঁচ বছরের বয়সসীমা পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনটির মহাসচিব রিয়াজ রহমান বলেন, গাড়ি আমদানির ক্ষেত্রে শুধু বয়সকে প্রধান বিবেচ্য না করে গাড়ির ফিটনেস, নিরাপত্তাব্যবস্থা, নির্গমন মান ও সার্বিক অবস্থা গুরুত্ব দেওয়া উচিত। এতে মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গাড়ি কেনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়তে পারে।
তিনি আরও বলেন, দেশের পরিবহন খাতে জাপানি গাড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাড়ি আমদানি ও বিক্রির পাশাপাশি এ খাতের সঙ্গে অসংখ্য ব্যবসায়ী, মেকানিক, ওয়ার্কশপ, খুচরা যন্ত্রাংশের ব্যবসা এবং কর্মসংস্থান জড়িত।
এদিকে জাপানি গাড়ির বাংলাদেশে ৫০ বছরের যাত্রা উদযাপন এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’।
মেলায় টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ড, অ্যাক্সিও, ফিল্ডার ও অ্যাকুয়ার মতো জনপ্রিয় জাপানি গাড়ির বিভিন্ন মডেল প্রদর্শিত হবে। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার পাশাপাশি ক্রেতারা গাড়ির মডেল, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করার সুযোগ পাবেন।
এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস ও বিবর্তন নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে জাপানি গাড়ির প্রযুক্তিগত উন্নয়ন, হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির অগ্রগতি এবং দেশের পরিবহন খাতে জাপানি গাড়ির অবদান তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য থাকছে না।
বারভিডা আশা করছে, এ আয়োজনের মাধ্যমে ক্রেতা ও গাড়ি ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে এবং দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজারে নতুন গতি সঞ্চার হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com