কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়ায় থেমে থেমে বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। একই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। এদিকে বৃষ্টির কারণে সরিষা বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে যেসব জমির আমন ধান ইতিমধ্যে পেকে গেছে, সেসব জমির ফসল নিয়ে বেশি উদ্বিগ্ন কৃষকেরা। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে জমিতে পানি জমে ধান নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
বারিষাব এলাকার কৃষক আবুল হোসেন বলেন, ‘চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। এখন ধান কাটার উপযুক্ত সময়। কিন্তু বৃষ্টির কারণে ধান কাটতে পারছি না। ফসল ঘরে তুলতে না পারলে ক্ষতির আশঙ্কা রয়েছে।’
একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন কেন্দুয়াব গ্রামের কৃষক ইয়াসিন মিয়া। তিনি বলেন, ধান কাটার মৌসুমে এমন বৃষ্টি কৃষকদের জন্য খুবই সমস্যার। ইতিমধ্যে জমিতে পাকা ধান নুয়ে পড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
শুধু কৃষকেরাই নন, বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন ধান কাটতে দেশের উত্তরাঞ্চল থেকে আসা শ্রমিকেরাও। দিনাজপুর থেকে কাপাসিয়ার বীর উজলী এলাকায় ধান কাটতে আসা ১০ জনের একটি শ্রমিক দল বর্তমানে কাজ করতে পারছে না।
শ্রমিক মিজানুর বলেন, ‘আমরা ১০ জন দিনাজপুর থেকে ধান কাটার কাজ করতে এসেছি। কিন্তু বৃষ্টির কারণে মাঠে নামতে পারছি না। এখানে এসে আটকা পড়েছি। কাজ না থাকায় আয়ও বন্ধ রয়েছে।’
এদিকে বৃষ্টিতে দিনমজুর ও অন্যান্য শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে। জীবিকার প্রয়োজনে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, উপজেলায় ১১ হাজার ৬৬৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বৃষ্টির কারণে ধান কাটার কাজে সাময়িক সমস্যা তৈরি হলেও আপাতত ফলনে কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সরিষা বপনের কাজে কিছুটা বিলম্ব হতে পারে।
সব মিলিয়ে বৃষ্টির কারণে আমন ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে রয়েছেন কাপাসিয়ার কৃষকেরা। পাশাপাশি সময়মতো সরিষা আবাদ শুরু করতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com