স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (৯ সেপ্টেম্বর)
গুণীজনদের সম্বর্ধনা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনভিত্তিক সংগঠন 'টিচার্স ড্রীম'র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সিটিজেন তৈরির প্রত্যয়ে (শনিবার) জেলা শহরের জয়নগর এলাকার সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার এন্ড লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক পরিচালক ও টিচার্স ড্রীমের প্রতিষ্ঠাতা মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনজন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয়।
সম্বর্ধনাপ্রাপ্ত গুণীজনেরা হলেন-ড. যোসেফ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও জয়নগর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ হাবিল উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মোহাম্মদ আলী এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন। তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
টিচার্স ড্রীমের এডমিন রোজিনা মাহমুদের সভাপতিত্বে এবং এস এম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় সম্বর্ধিত ব্যক্তিরা ছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন হরিরামপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ সাইফুল ইসলাম, বিকেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলামসহ টিচার্স ড্রীমের শিক্ষকমন্ডলী, কৃতিশিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কয়েকজন অতিথি শিল্পী। পরে অংশগ্রহণকারী সকল শিল্পীকেই প্রাইজমানি ও পুরস্কার দেওয়া হয়। অতিথিরা তাদের হাতে এসব তুলে দেন। অনুষ্ঠানশেষে অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের জন্য বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com