বিনোদন প্রতিবেদক : নিজের চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকেই জয়া আহসান ঢাকার ছবির চাইতে কলকাতার ছবিতে বেশি ব্যস্ত। তাকে যতটা ঢালিউডে দেখা যায়, এরচেয়ে বেশি তিনি টলিউডের মধ্যমণি হয়ে উঠেছেন। তবে এটা ঠিক যে নিজের যোগ্যতা দিয়েই জয়া আহসান কলকাতার বাংলা ছবিতে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন। আর সেই সুবাদেই ভারতীয় বাংলা ছবির গণ্ডি পেরিয়ে বলিউডি ছবিতেও তিনি অভিনয় করেছেন।
কলকাতার ছবিতে জয়া আহসান নিয়মিত অভিনয় করলেও গেলো পাঁচ বছর সৃজিত মুখার্জির কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি। বেশ অবাক করার মতোই বিষয় ছিল এটি। ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ ছবি উপহার দেওয়ার পরও সৃজিতের সঙ্গে পাঁচ বছর কাজ করা হয়নি সুন্দরী তারকা জয়া'র! তবে জয়া ভক্তদের জন্য সুখবর হচ্ছে, ‘দশম অবতার’ নামের নতুন একটি ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী - নির্মাতা জুটি। ইতোমধ্যে ছবিটির টিজারও প্রকাশ হয়েছে। সেখানে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীকে। সোফায় বসে কারও দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। জানা গেছে, এবার এই ছবিতে জয়াকে পুলিশ রূপে হাজির করছেন সৃজিত।
জয়ার সঙ্গে তার চরিত্রটি নিয়ে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে তিনিও রহস্য রাখলেন। জানালেন, ধীরে ধীরে সবাই জানবে তার চরিত্র। আপাতত যে রহস্য তৈরি হয়েছে, সেটা নিয়েই থাকা যাক। নিজের চরিত্র নিয়ে তেমন খোলাসা না করলেও সৃজিতের সঙ্গে যে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো, তা বলতে ভুল করলেন না অভিনেত্রী। এই প্রসঙ্গে জয়া বলেন, সৃজিতের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা বরাবরই ভালো। যে ছবিতে রয়েছে একঝাঁক ঝানু অভিনেতা, সেখানে কাজের অভিজ্ঞতা নতুন করে কিছু থাকে না।
জানা গেছে, জয়া আহসান ছাড়াও ‘২২ শে শ্রাবণ’ ছবির প্রবীর রায়চৌধুরী চরিত্রের অভিনেতা প্রসেনজিৎ, ‘ভিঞ্চি দা’ ছবির বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন ‘দশম অবতার’ ছবিতে। সঙ্গে যীশু সেনগুপ্তও রয়েছেন। ছবিটির সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com