বি এ রায়হান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়।
অভিযুক্ত দুজন হলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য আজাদুর রহমান আজাদ ও কথিত সাংবাদিক কামরুজ্জামান টিটু।
পুলিশ জানায়, পুলিশ সদস্য আজাদ আগেও বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। এ কারণে দুই বছর আগে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজ করা হয়। আর মাইটিভির সাংবাদিক পরিচয়ধারী কামরুজ্জামান টিটু টঙ্গীর মদিনাপাড়া এলাকার বাসিন্দা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন ও তাঁর ভাতিজা আবিরকে ডিবি লেখা একটি মাইক্রোবাস থেকে সাত-আটজন নেমে মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁরা ডাকচিৎকার শুরু করলে ভাতিজা আবিরকে মারধর করে ফেলে রেখে সুমনকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে উত্তরা ১৭নাম্বার সেক্টর এলাকায় নিয়ে গিয়ে তার কাছে থাকা ব্যাগে ভর্তি ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এঘটনায় জড়িত থাকার অপরাধে বুধরাতে দুজনকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরির্দশক সুমন খান।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com