ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় নিম্ন আয়ের মানুষদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির পণ্য খোলাবাজারে বিক্রির চেষ্টা ভণ্ডুল করে দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পণ্য। এই পণ্যের ডিলার ছিলেন স্থানীয় যুবলীগ নেতা।
শুক্রবার রাতে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযানের সময় সেখানে উপস্থিত না হলেও পরে ফেইসবুক লাইভে এসে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন সেই যুবলীগ নেতা।
অভিযুক্ত নজরুল ইসলাম বাঙালী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক। তার প্রতিষ্ঠান নজরুল বাঙালী ট্রেডার্স টিসিবির পণ্য বিক্রির অনুমতিপত্র নিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন জানান, টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রির চেষ্টা হচ্ছে, এমন তথ্য পেয়ে তিনি অভিযানে যান।
ঘটনাস্থলে গিয়ে ৩৩ বস্তা চাল, ১৬ বস্তা ডাল, দুই লিটারের ৮৩ বোতল সয়াবিন তেল ও খোলা ৭০ কেজি ডাল জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে সটকে পড়লেও পরে রাতে ফেইসবুকে লাইভে আসেন নজরুল। তার দাবি, কোনো পণ্য তিনি খোলাবাজারে বিক্রি করেননি। টিসিবির কার্ডধারীরা নির্দিষ্ট সময়ে পণ্য বুঝে না নেওয়ায় বিষয়টি জানাতে তিনি ইউএনওকে একাধিকবার ফোন দেন। তিনি ফোন না ধরায় পৌর মেয়রের পরামর্শে মালামাল গুদামে মজুদ করেন। এই পণ্য পরে কার্ডধারীদের দেওয়া হত।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, টিসিবির জব্দকৃত মালামাল রাতেই সরকারি গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com