টঙ্গী প্রতিনিধি :
টঙ্গীর প্রাণকেন্দ্র, টঙ্গী বাজার ও শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রস্তাবিত বর্জ্য ডাম্পিং ইয়ার্ড (ময়লার ভাগাড়) নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সচেতন নাগরিকদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে টঙ্গীর একটি কনভেনশন সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পরিবেশ সচেতন নাগরিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, টঙ্গী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা। প্রস্তাবিত স্থানের আশপাশে রয়েছে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, বিশ্ব ইজতেমার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এমন গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করা হলে দুর্গন্ধ, বায়ুদূষণ, মশা-মাছির উপদ্রব, বর্জ্য থেকে নির্গত দূষিত তরল (লিচেট) এবং বিভিন্ন রোগজীবাণুর বিস্তারের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হবে।
বক্তারা আরও বলেন, প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী এ মহাসড়ক ব্যবহার করেন। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত লাখো মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের জন্য এ পথ ব্যবহার করেন। এ ধরনের একটি স্থানে ময়লার ভাগাড় নির্মাণ করলে জনদুর্ভোগ বৃদ্ধি পাবে এবং এলাকার সৌন্দর্য ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, উন্নয়নের নামে এমন কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়, যা জনস্বার্থ, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে জনবসতি থেকে দূরে আধুনিক ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প স্থান নির্ধারণের আহ্বান জানান।
বক্তারা জানান, এর আগেও স্থানীয় জনগণ একই দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর উদ্বেগ আরও বেড়েছে।
সভা থেকে গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত বর্জ্য ডাম্পিং ইয়ার্ড স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়। একই সঙ্গে টঙ্গীর পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রয়োজন হলে বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বক্তারা ঘোষণা দেন, প্রস্তাবিত বর্জ্য ডাম্পিং ইয়ার্ড নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন এবং পরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com