টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে চাঁদা না পেয়ে ও ছিনতাইকারীদের ধারালো ছুরিকাঘাতে ঔষদ ব্যবসায়ীসহ ৪ যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় টঙ্গীবাজার ও মিলগেট নামাবাজার এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঔষধ ব্যবসায়ী কামরুজ্জামান (৩৫), শাহ আলী (৩৪), নাসির (৩০) ও রাজন (২৫)।
অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানার টঙ্গীবাজার ভাওয়াল বিপনী বিতান মার্কেটে দীর্ঘদিন যাবৎ ঔষদ ব্যবসা করেন কামরুজ্জামান। অভিযুক্ত স্থানীয় বখাটে যুবক সোহেল বিভিন্ন সময় উক্ত ফার্মেসীসহ বিভিন্ন দোকানে চাঁদাবাজি করতো। সোমবার বিকেল সাড়ে ৫টায় যথারীতি ফার্মেসীতে এসে চাঁদা দাবী করে সে। এসময় ঔষধ ব্যবসায়ী কামরুজ্জামান চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে সোহেল ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে এগিয়ে এসে কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
এদিকে টঙ্গী পশ্চিম থানার নামাবাজার এলাকা থেকে আলেয়া নামে এক নারীর মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্ত হৃদয়, শাওন, আল আমিন, দেলু ও শরীফসহ অজ্ঞাত আরও ৪-৫ জন। বিষয়টি জানতে গেলে অভিযুক্তদের হাতে থাকা দেশীয় ধারালো ছুরি দিয়ে মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথারী কুপিয়ে শাহ আলী, নাসির ও রাজন নামে ৩জনকে গুরুতর জখম করে। এসময় তাদের সাথে থাকা ১টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা লুটে নেয় অভিযুক্তরা। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলমও বিষয়টি নিশ্চিত করে উক্ত ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করার কথা জানান।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com