জয়পুরহাট প্রতিনিধি :
পাঁচ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় নাজেহাল জয়পুরহাটের মানুষ। এরই মধ্যে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রিতে পৌঁছেছে। ফলে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রার এই স্কেলে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে নওগাঁর বদলগাছীর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।
এদিকে, ধারাবাহিক নিম্নমুখী তাপমাত্রায় কষ্টে দিনাতিপাত করছে জেলার কয়েক লাখ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কষ্ট কয়েকগুণ বেশি। অনেক পরিবার শীতবস্ত্রের অভাবে ভোগান্তি পোহাচ্ছে। আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন অনেকে। খেটে খাওয়া, দিনমজুর শ্রেণির মানুষ জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করছেন। তবে তীব্র শীতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন।
জেলা সদরের পাদুকা কারিগর শ্রী মন্টু বলেন, ‘আমাদের এদিকে খুব শীত। গরম কাপড়চোপড় নাই। ঠান্ডার জন্য কাজ-কামাই কিছু করবার পারতেছি না। খুব কষ্টে আছি। কাপড়চোপড় পাওয়া গেলে কিছু ঠান্ডা নিবারণ করা যেত। কিন্তু আমাদের এদিকে কেউ কম্বল নিয়া আসে না। সরকারি সাহায্যও পাই না।’
নির্মাণশ্রমিক রনি আহম্মেদ বলেন, ‘ঠান্ডায় অনেক মানুষ কষ্টে আছে। এমন চললে কাজ করে খাওয়া কষ্টকর হয়া যাবে।’ সোমবার আবহাওয়ার একই পরিস্থিতির খবর পাওয়া গেছে জেলার প্রায় সব স্থানেই।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com