ক্রিয়া ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তাদের সঙ্গে কথা হয়েছে গোলাম রব্বানী ছোটনের। তিনি পদত্যাগের সিদ্ধান্তে অনড়। কিন্তু বাফুফে এখনো ৫৪ বছর বয়সী এই কোচকে রাখার ব্যাপারে আশাবাদী। মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার গতকাল ইতিবাচক সাড়াই দিয়েছেন, ‘অবশ্যই আমরা কোচকে রাখতে চাই। রাখতে না চাওয়ার কোনো কারণ নেই। তিনি দীর্ঘদিন ধরে মেয়ে ফুটবলারদের নিয়ে কাজ করছেন। তাদের দেখেন নিজের সন্তানের মতো। উনাকে আমরা রাখব না কেন? অবশ্যই রাখব। ২০০৮ সাল থেকে মেয়ে ফুটবল দলের সঙ্গে আছেন ছোটন। তাঁর হুট করে নেওয়া সিদ্ধান্তে খানিকটা অবাকই হয়েছেন কিরণ, ‘আপনাদের মতো আমিও সংবাদমাধ্যমে দেখেছি বা শুনেছি এই খবর। আজ ছোটন ভাইয়ের সঙ্গে কথা বলেছি এবং তিনি যেটা বলেছেন, তিনি মূলত ক্লান্তির কথা বলেছেন। এ কারণে তিনি কাজ করতে চান না, থাকতে চাচ্ছেন না। আমি বিষয়টা বাফুফে সভাপতিকে জানিয়েছি। এখন এ ব্যাপারে ফেডারেশন সিদ্ধান্ত নেবে। তিনি আমাদের আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেননি। আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে, সেটা সভাপতিকে জানিয়েছি।’ পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই এই কোচ পরশু সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাফুফে থেকে সরে যাওয়ার কথা। ‘মানসিক অশান্তি’ নিয়ে আসলে তিনি কাজ করতে চান না ফুটবল ফেডারেশনে। তিনি বলেছেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার পরও শুনতে হয় নানা কথা। এটা হয় না, ওটা হয় না। এসব আর শুনতে ভালো লাগছে না।’ কে বা কারা এ রকম কথা বলে, তা স্পষ্ট না করলেও বোঝা যায় অভিযোগের অঙ্গুলি টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির দিকেই। তাঁর সঙ্গে অনেক আগে থেকেই সমস্যা ছিল হেড কোচের। ৩১ মের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। তাঁকে রাখার কথা কিরণ বললেও নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের একটি সূত্র জানাচ্ছে অন্য কথা, ‘বাফুফের বড় কর্তা (সভাপতি) ছোটনকে রাখতে চাইছেন না। কাউকে না জানিয়ে তিনি সংবাদমাধ্যমে পদত্যাগের কথা বলায় এই কোচকে আর রাখতে চান না।’ এদিকে মেয়েদের মধ্যেও ক্ষোভ জমা হয়েছে অনেক। বিশেষ করে সেপ্টেম্বরে সাফ জয়ের পর তারা আর কোথাও খেলেনি। মিয়ানমারে অলিম্পিক বাছাই থাকলেও বাফুফে দল পাঠায়নি অর্থাভাবের অজুহাতে। এ কারণে হতাশা কাজ করছে মেয়ে ফুটবলারদের মধ্যে। পরশু সিরাত জাহান স্বপ্না সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়ে ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন। এরপর কোচের পদত্যাগের ঘোষণা মিলিয়ে মেয়ে ফুটবলের টালমাটাল অবস্থা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com