গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বতসোয়ানার পক্ষে উপস্থিত ছিলেন সে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মাসা রামোরাথুদি, এমএস হিলদাহ মোত্সিপা, বিএএমবি-এর সিইও ল্যাম্বানি চার্লস ওবুসেংসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
আলোচনার শুরুতে গাকৃবির ইতিহাস, অগ্রগতি ও কৃষি ক্ষেত্রে অবদানের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানানো হয় এবং বাংলাদেশের কৃষি গবেষণায় গাকৃবির সাফল্যের কথা তুলে ধরা হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তন, টেকসই কৃষি, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষি প্রযুক্তি উদ্ভাবনে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন দুই দেশের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “গাকৃবি শুরু থেকেই কৃষি গবেষণার এক্সিলেন্স সেন্টার হিসেবে কাজ করে আসছে। এই বৈঠক দুই দেশের পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি আশাবাদী।” তিনি বাংলাদেশের ঋতুভিত্তিক কৃষি এবং গাকৃবির উদ্ভাবিত উন্নত জাতগুলোর বিষয়েও আলোচনা করেন।
বতসোয়ানার প্রতিনিধি দলের প্রধান উম্পিল জন সেহুরুত্শে বলেন, “বাংলাদেশের কৃষি গবেষণার অগ্রগতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা গাকৃবির সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর এবং শিক্ষার্থী ও গবেষক বিনিময় বিষয়ে আন্তরিকভাবে ভাবছি।”
বৈঠক শেষে বিদেশি প্রতিনিধিরা গাকৃবির বিভিন্ন গবেষণাগার ও মাঠ পরিদর্শন করেন। এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষায় একটি শক্তিশালী অংশীদারিত্ব গঠনের সম্ভাবনা দৃঢ় করেছে।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com