গাজীপুর প্রতিনিধি :
কথার কি পাখা আছে? আছে বই কি!
এই শিরোনামে কথাসাহিত্যিক, সাংবাদিক আবু জাফর শামসুদ্দীন এর 'সশ্রদ্ধ স্মরণ' অনুষ্ঠিত হয় গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাজীপুর আইডিয়াল কলেজে।
গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখকের লেখা 'কলিমদ্দি দফাদার' গল্পটির বিস্তারিত আলোচনা করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর । এর পর বক্তব্য রাখেন সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক,এছাড়াও ওনার 'ল্যাংড়ী' গল্পের উপর আলোচনা করেন নানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কবি ও কথাসাহিত্যিক মেজবাহ উদ্দিন, কথাসাহিত্যিক ও কবি রিপন বাসার, কবি হাসান জহির, আশরাফুল ইসলাম এবং গোলাম মাওলা।
বাংলা সাহিত্যের একজন কীর্তিমান কথাশিল্পী। আবু জাফর শামসুদ্দীন বাংলা ১৩১৭ সালের ২৮ ফাল্গুন (মার্চ, ১৯১১) তৎকালীন ঢাকা (বর্তমানে গাজীপুর) জেলার কালীগঞ্জ থানার দক্ষিণবাগ গ্রামে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালে তাঁর সাহিত্য জীবনের শুরু। তিনি অসংখ্য গল্প, বেশকিছুসংখ্যক উপন্যাস, নাটক, মননশীল প্রবন্ধ, ভ্রমণ কাহিনী প্রভৃতি রচনা করেছেন। তাঁর রচিত এবং প্রকাশিত পুস্তকের সংখ্যা তিরিশটির অধিক। তাঁর হাজার পৃষ্ঠার সুবৃহৎ উপন্যাস 'পদ্মা মেঘনা যমুনা' বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। উভয় বাংলায় এ-গ্রন্থ উচ্চ প্রশংসা অর্জন করে। আবু জাফর শামসুদ্দীনের গল্প ইংরেজি, জাপানি, হিন্দি, উর্দু, মারাঠি প্রভৃতি ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। উপমহাদেশের একজন প্রথম সারির সাংবাদিক এবং কলামিস্ট হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। ১৯৭৫ সাল থেকে দৈনিক 'সংবাদ'-এ 'অল্পদর্শী' এই ছদ্মনামে 'বৈহাসিকের পার্শ্বচিন্তা' শীর্ষক কলাম মৃত্যুর পূর্ব পর্যন্ত নিয়মিত লিখে গেছেন। সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে বিশিষ্ট অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, বেগম জেবুন্নিসা-কাজী মাহবুবুল্লাহ স্বর্ণপদক, জহুর হোসেন চৌধুরী স্মৃতি স্বর্ণপদক, সমকাল সাহিত্য পুরস্কার, (মরণোত্তর) প্রভৃতি লাভ করেন। তিনি সৃজনশীল লেখার পাশাপাশি মানব মুক্তি ও বিশ্ব শান্তির আদর্শে বিশ্বাসী বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে নিজেকে যুক্ত রেখেছিলেন। বাংলা ১৩৯৫ সালের ৭ ভাদ্র (২৪ আগস্ট ১৯৮৮) তিনি পরলোক গমন করেন।
স্মরণ ও আলোচনা অনুষ্ঠানের আগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কবি সেলিম হাসান দুর্জয়ের একক কাব্যগ্রন্থ 'দেবীসমগ্র-১'-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে যেমন গাজীপুরের সংস্কৃতি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তেমনি উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের একঝাঁক শিক্ষার্থী।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com