টঙ্গী সংবাদদাতা: পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম-পিপিএম বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সুুবিধার্থে কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। বিশ্ব ইজতেমা উপলক্ষে পুরো ময়দানকে নিশ্চিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে। পুরো ময়দান ঘিরে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় প্রায় ৬ হাজার পোশাকি পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিন পর্বের ইজতেমা চলাকালে পুরো ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। তিনি আরও বলেন, এবারের ইজতেমাটি অন্যরকম কারণ বিগত আন্দোলনে পুলিশের বিপুল পরিমান অস্ত্র খোয়া গেছে এবং দেশের অনেক জেলাখানার অস্ত্র লুট হয়েছে। অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এবার পুরো ইজতেমা ময়দান ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে। আজ ২৯ জানুয়ারি বুধবার দুপুরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত জিএমপির কেন্দ্রীয় কন্ট্রোল রুমে এক প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে ১০ হাজার স্বেচ্ছাসেবি ময়দানের নিরাপত্তায় থাকবেন। ইজতেমা ময়দানে কয়েকস্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়দানের চারপাশে পোশাকধারী, সাদা পোশাকে, ড্রোন ভিউ, সিআইডি, ডিবি, সিসিটিভি মনিটরিং, নাইটভিশন ক্যামেরা, রুফটপ পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, সিটি এসবির উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারি উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদি হাসান দিপু, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ ওসি মোঃ ইস্কান্দার হাবিব, ইজতেমা আয়োজক কমিটির র্শীষ মুরুব্বি প্রকৌশলি মাহফুজ হান্নান, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুুরুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন প্রমুখ। উল্লেখ, মাওলানা যোবায়ের অনুসারীরা আগামী ৩১ জানুয়ারি ১ ও ২ ফেব্রুয়ারি প্রথম পর্ব, ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অংশ গ্রহন করবেন। তারা ৬ ফেব্রুয়ারি মাঠ প্রশাসনকে বুঝিয়ে দিবেন। এরপর ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীরা তৃতীয় পর্বে অংশ গ্রহন করবেন এবং ২০ ফেব্রুয়ারি তারা প্রশাসনকে মাঠ বুঝিয়ে দিবেন। এরপর থেকে মাওলানা যোবায়ের অনুসারীদের কিছু শীর্ষ মুরুব্বি পবিত্র রমজান মাস পর্যন্ত মাঠে অবস্থান করবেন।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com