স্পোর্টস ডেস্ক:
ভোট গ্রহণের আগের রাতে নতুন করে ব্যালট পেপার ছাপাতে হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন কমিশনকে। ৩০ সেপ্টেম্বর বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট করায় বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করা হয়েছিল।মোহামেডান ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব গতকাল রোববার হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এর ফলে আজ বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
এদের মধ্যে ভাইকিংস ক্লাবের কাউন্সিলর ইফতেখার মিঠু নির্বাচনে একজন প্রার্থী ছিলেন। কাউন্সিলরশিপ ফিরে পাওয়ায় তাঁর প্রার্থিতাও বৈধ হয়েছে। ফলে ব্যালট পেপারে প্রার্থীর সংখ্যা ১৭-তে উন্নীত হয়েছে। বিসিবির নির্বাচন কমিশন আগে ১৬ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। ব্যালট পেপারে পরিবর্তন আসায় রোববার দুপুরের আগে ক্লাব ক্যাটেগরিতে যেসব কাউন্সিলর ই-ভোট দিয়েছিলেন, সেগুলো বাতিল করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। ফলে ই-ভোটের জন্য আবেদনকারীদের নতুন করে ভোট দিতে হবে।
ঢাকার সোনারগাঁও হোটেলে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্লাব ক্যাটেগরিতে ভোটকেন্দ্রে এসে সশরীরে ভোট দেওয়ার সুযোগ থাকলেও কাউন্সিলরদের একটা বড় অংশ ইমেইলে ভোট দেবে। গাজী গ্রুপের মালিকানাধীন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ও প্রার্থী আদনান রহমান দীপনও ই-ভোটের জন্য আবেদন করেছেন। আজ ই-ভোট দেবেন বলে জানান তিনি। কারণ হিসেবে বলেন, ‘আমার ঢাকার বাইরে একটা কাজ থাকায় ই-ভোট দেওয়ার আবেদন করেছি।’
বিসিবির গঠনতন্ত্রে ই-ভোট ও সরাসরি ভোট দেওয়ার বিধান রাখা হয়েছে। এই সংখ্যা নির্দিষ্ট না থাকায় চাইলে ১৯২ জনও ইমেইলে ভোট দিতে পারবেন বলে জানায় নির্বাচন কমিশন। তিনটি ক্যাটেগরিতে ১৯২ কাউন্সিলরের মধ্যে ৬৩ জন ই-ভোট দেওয়ার আবেদন করেছেন। এদিকে, বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ঢাকার ক্লাব ক্রিকেটার্স সংগঠক অ্যাসোসিয়েশনের একাংশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মরকলিপি প্রদান করেছে গতকাল।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com