অনলাইন ডেস্ক:
তুরস্কের উপ পররাষ্ট্র মন্ত্রী বেরিস একিনচি বাংলাদেশে আসছেন আজ সোমবার। তিনি দুদেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) নেতৃত্ব দেবেন। আগামীকাল মঙ্গলবার এ বৈঠক হবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় এফওসি হয়েছিল ২০১৯ সালে।এফওসিতে অংশ নেওয়ার পাশাপাশি বেরিস একিনচির সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খানের সঙ্গে। এ ছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।
পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম বলেন, উভয় দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে জোর দেবে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। বৈঠকে এ বিষয়ের সঙ্গে জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা হবে।
কয়েক বছরের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের পরও ঢাকার সঙ্গে ভূরাজনৈতিক যোগ-বিয়োগে অংশীদারিত্ব গভীর করতে আগ্রহী আঙ্কারা। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে অন্য উচ্চতায় নেওয়ার প্রত্যাশী দেশটি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন ও অবদান রাখার আগ্রহ দেখিয়েছে তুরস্ক। ইতোমধ্যে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের চিকিৎসায় এগিয়ে এসেছে দেশটি।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com