প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ণ
অনেক ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে হামলা-নিহতের ঘটনায় অনেক ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসব মামলার বিচারের প্রসঙ্গে তিনি বলেছেন, “গত এক বছরে বিচারিক কাজ যতটুকু এগোনোর কথা ছিল, হয়তো পুরোপুরি তা হয়নি, তবে অগ্রগতি হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা অভিযোগপত্র দিয়েছি। চট্টগ্রামসহ অন্যান্য সাধারণ মামলাগুলোর ক্ষেত্রেও অভিযোগপত্র দেওয়া হয়েছে।
“অভিযোগপত্রের প্রক্রিয়ায় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আসামির অতিরিক্ত সংখ্যা। অনেক ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদেরও আসামির তালিকায় যুক্ত করা হয়েছে। একটা ঘটনায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে ২০০ জনের নাম দেওয়া হয়েছে। এতে তদন্ত প্রক্রিয়ায় সময় বেশি লাগছে।”
তবে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার সক্রিয় রয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, “যাতে অল্প সময়ের মধ্যেই তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষ করা যায়, সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”রোববার বিকালে মুন্সীগঞ্জ শহরের নিচুতলায় জুলাই শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “দেশের শহীদদের কবর সংরক্ষণে সারাদেশেই বাধ্যতামূলক পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। একইসঙ্গে গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরের কাজও এগিয়ে চলছে।
তিনি বলেন, “সবচেয়ে বড় বিষয় হচ্ছে, গণভবনকে মিউজিয়াম করা।। ফ্যাসিবাদের পতনের পুরো ঘটনাটাই পনের-সাড়ে পনের বছরের। সেটাকে সামনে রেখে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।”
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য আবাসিক ফ্লাট নির্মাণ প্রকল্প পাস না হওয়া প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, “একনেকের সদস্য হিসেবে বিষয়টি আমি অবগত। প্রকল্পটি আজ ফেরত দিয়ে দিয়েছি, পাস করিনি। কারণ, এর মধ্যে বেশ কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। আমরা এটিকে পুনরায় রিভিউ করব এবং এ বিষয়ে কিছু তদন্তেরও প্রয়োজন আছে। সবকিছু পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com